আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের সক্ষমতা বিকাশ এবং পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে দেবহাটায় ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের টাউনশ্রীপুর কেদার মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আন্ডার ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (SPiRiT-CALL)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে টিডিএইচ ফাউন্ডেশন। প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC) এবং অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশনের (ORF) অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
উৎসবে বিভিন্ন বয়সী কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও অভিভাবকরা অংশ নেন। ১২ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জন্য ছিল মার্বেল প্রতিযোগিতা এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের জন্য আয়োজন করা হয় বালিশ পাসিং খেলা। পাশাপাশি কিশোর-কিশোরীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অভিভাবকদের জন্য ছিল চেয়ার সিটিং, হাড়িভাঙা, মার্বেল-চামচ দৌড় ও বালিশ পাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতা। শিশু-কিশোর ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক শিক্ষক আফছার আলী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ইউপি সদস্য আজগার আলী ও মাহবুবুর রহমান বাবলু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের SPiRiT-CALL প্রকল্পের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

