মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষকে কেন্দ্র করে মোল্লাহাট সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার টোল প্লাজাসংলগ্ন সেতুর ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় সমাবেশ করেন। পরে সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আসেন তাঁরা। এদিকে মোল্লাহাট সেতুর বাগেরহাট প্রান্তে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে সেতুর গোপালগঞ্জ প্রান্তে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ ঘটনাস্থল থেকে সরে গেছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

