মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে পুলিশ সুপারের বাংলো, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, জেলা কারাগার, সার্কিট হাউস ও কমিউনিটি সেন্টারের সামনে থেকে এসব বস্তু উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পাঁচটি স্থানে একটি করে মোট পাঁচটি বস্তু উদ্ধার করা হয়। কালো টেপে মোড়ানো বস্তুগুলো লাল রঙের টিস্যু ব্যাগে রাখা ছিল।
এর আগে রাত ৯টা ৪৩ মিনিটের দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্থানীয় সংবাদকর্মীদের কাছে বার্তা পাঠানো হয়। ওই বার্তায় শহরের পাঁচটি স্থানে শপিং ব্যাগের মধ্যে বিস্ফোরকজাতীয় বস্তু রাখা হয়েছে বলে জানানো হয়। পরে সংবাদকর্মীরা বিষয়টি পুলিশকে অবহিত করলে দ্রুত অভিযান চালিয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসব বস্তু কারা এবং কী উদ্দেশ্যে রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

