মেজবা রহমান; স্টাফ রিপোর্টারঃ
দেশের অন্যতম পরিচিত জেলা গোপালগঞ্জ, বঙ্গবন্ধুর জন্মভূমি ও আওয়ামী লীগের রাজনীতির প্রাণকেন্দ্র গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বহুদিনের চাহিদা শহরে খেলার মাঠ। খেলার মাঠের অভাবে শরীর চর্চা ও মানসিক বিকাশে বিঘ্ন ঘটছে কিশোর-কিশোরীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মডেল স্কুল মাঠের মেইন গেট বিকাল বেলা বন্ধ থাকে, শেখমনি স্টেডিয়ামে মেইন গেটে তালা দেয়া সর্বদা, সরকারি বঙ্গবন্ধু কলেজে খেলার জন্য সিরিয়াল পায় না বহু কিশোর-কিশোরী, গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ জোর করে খোলা রাখা হয় শিক্ষার্থীদের খেলার জন্য, স্বর্নকলি স্কুলে শিক্ষার্থীরা শর্টপিচ ক্রিকেট খেলতো বলে ঐ স্কুলের মেইন গেইট বন্ধ রাখে কতৃপক্ষ। আরও দেখাযায়, যুগশিখা স্কুলের কতৃপক্ষ শিক্ষার্থীরা ক্রিকেট খেলতো বলে ঐ স্কুলের মেইন গেইট বন্ধ রাখে, পাচুড়িয়াতে আনসার মাঠে বড় ধরনের ক্রিকেট, ফুটবল খেলা হতো তবে সেখানে আনসার কর্তৃপক্ষ জনসাধারণের প্রবেশ নিষেধ করে দিয়েছে, গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এককালে লংপিচ ক্রিকেটে টেস্ট ম্যাচ খেলা হতো তবে বর্তমানে সেখানে উন্নয়নমূলক কাজ চলায় খেলাধুলা বন্ধ। শিক্ষার্থীরা দুঃখ ভরা মনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন রাখেন, “আমাদের শহরে খেলার মাঠ কোথায়? আমাদের কি শারীরিক মানসিক বিকাশের প্রয়োজন নেই? আমাদের শহরের শিশু-কিশোরদের একটি উন্মুক্ত খেলার মাঠ পাওয়ার অধিকার কি নেই?” তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপালগঞ্জ শহরের অভিভাবক দের দৃষ্টি আকর্ষণ করে এইসব পোস্ট করেন।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঘোষেরচর এলাকার শিক্ষার্থী সাইফুর রহমান সৈকত নবধারা কে বলেন, “লংপিচ খেলার জন্য ব্যাংকপাড়ার হোমগ্রাউন্ড মডেল স্কুল ছেড়ে মানিকদাহ’তে গিয়ে খেলতে হয়, নয়তো সুদূর মান্দারতলার তালতলা মাঠে গিয়ে খেলতে হয় যেটা আমাদের শহরের কিশোর-কিশোরীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।” আরেক কলেজ পড়ুয়া শিক্ষার্থী শাকিল বলেন, “আমাদের জেলায় এত ভাল ভাল প্রতিষ্ঠান রয়েছে কিন্তু শহরের শিশুদের, কিশোর-কিশোরীদের শারীরিক চর্চা ও মানসিক বিকাশের জন্য একটি উন্মুক্ত মাঠের ব্যবস্থা নেই এটা আমাদের জন্য অতি দুঃখজনক, এই দুঃখ রাখবো কোথায়?”
খেলার মাঠের ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে গোপালগঞ্জ সাবেক পৌর মেয়র লিয়াকৎ আলী লিকু নবধারা কে বলেন, এ বিষয়ে আমি এখনও অবগত নয়।তবে শিশু কিশোরদের মনন বিকাশে মাঠের বিষয়টি অবশ্যই আমি দেখব। প্রসঙ্গত, খেলাধুলা যেমন শারীরিক চর্চা এবং দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখে তেমন মানসিক বিকাশ ও মনস্তাত্ত্বিক সমৃদ্ধি অর্জনে অবিশ্যম্ভাবী গুরুত্ব পালন করে। গোপালগঞ্জ শহরের ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরীদের মনের চাওয়া ও দাবি তাদের জন্য উন্মুক্ত একটি খেলার মাঠের ব্যবস্থা করা।

