নিজস্ব প্রতিনিধি
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি। যশোর, সাতক্ষীরার আশাশুনি ও তালা এবং ফরিদপুরের আলফাডাঙ্গায় আয়োজিত এসব মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর প্রকল্প ও বাস্তবমুখী সমাধান উপস্থাপন করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
যশোরে ৪১ প্রতিষ্ঠানের অংশগ্রহণ
শুক্রবার যশোর শহরের মধুসূদন-তারাপ্রসন্ন গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ‘বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ মেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
প্রদর্শনীতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম, কালেক্টরেট স্কুল দ্বিতীয় এবং যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
মেলার উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন।
আশাশুনিতে ১২ বিদ্যালয়ের উদ্ভাবনী প্রদর্শনী
সাতক্ষীরার আশাশুনিতে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল আফসার মুর্তাজা।
মেলায় উপজেলার ১২টি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রথম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
তালায় শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন
সাতক্ষীরার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় উপজেলা পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
মেলায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিভিন্ন উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের কচুয়ায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শো’ কর্মসূচির উপজেলা পর্যায়ের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গায় প্রযুক্তি ও উদ্ভাবনের মিলনমেলা
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় ‘উদ্ভাবনী মেলা-২০২৬’। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি স্টল অংশ নেয়।
বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা বলেন, “শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল হতে হবে। নতুন চিন্তা ও প্রযুক্তির সমন্বয়েই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্ভাবনী চিন্তাই একটি জাতিকে এগিয়ে নিয়ে যায়।”
উদ্ভাবনী প্রজন্ম গঠনে কার্যকর উদ্যোগ
আয়োজক ও সংশ্লিষ্টদের মতে, এসব বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব, গবেষণার আগ্রহ এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার সক্ষমতা তৈরি করে ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্র প্রস্তুত করছে।
দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে অনুষ্ঠিত এসব আয়োজন প্রমাণ করেছে, বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারাই হতে পারে আগামী দিনের স্মার্ট ও উদ্ভাবনী বাংলাদেশের চালিকাশক্তি।

