নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় প্রথম স্ত্রী থাকা অবস্থায় তাঁর ছোট বোনকে বিয়ে করার ঘটনায় আলোচনায় এসেছেন টিকটকার মাসুদ রানা। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা ও মৌসুমীর দাম্পত্য সম্পর্কের মধ্যে শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করার বিষয়টি সামনে আসে। গত শনিবার (২৪ অক্টোবর) ভাড়া বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজনের পর গতকাল তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে।
ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষের জন্য একই সময়ে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে এ বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হলে নির্দিষ্ট শর্তে তাঁর বোনকে বিয়ে করার সুযোগ রয়েছে।
এ বিষয়ে মাওলানা রেজাউল করিম বলেন, পবিত্র কোরআনে দুই বোনকে একসঙ্গে বিবাহবন্ধনে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর বোনকে বিয়ে করা বৈধ নয়। তবে স্ত্রী মারা গেলে বা তালাকের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক শেষ হলে পরবর্তী সময়ে তাঁর বোনকে বিয়ে করা যেতে পারে।
এদিকে টিকটকার মাসুদ রানা জানান, তাঁর শ্যালিকা পূর্ণিমার অন্য কোথাও বিয়ে হলে তাঁদের আগে করা ভিডিওগুলো নিয়ে তাঁকে হেনস্তার শিকার হতে হতো বলে তিনি আশঙ্কা করেছিলেন। এ কারণে প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় পূর্ণিমাকে বিয়ে করেছেন বলে দাবি করেন তিনি।

