নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের হেফাজত থেকে আদালতে নেওয়ার প্রস্তুতিকালে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছে একাধিক ডাকাতি মামলার আসামি সম্রাট। এ ঘটনায় পুলিশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম দুলাল এবং বাড়ি জামালপুর জেলায়। তার বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে তাকে আদালতে পাঠানোর জন্য গারদখানায় নেওয়া হলে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায়। ঘটনাটি টের পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতিকালে সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায়। তার হাত চিকন হওয়ায় সে এই সুযোগটি কাজে লাগায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, “ডাকাতি মামলার এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ের অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বিভাগীয়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

