ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (২৯ মে) রাত ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দুসর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির বিষয়টি কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক নিশ্চিত করেছেন।
যাত্রীদের বরাত দিয়েভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনে যাত্রীর ছদ্মবেশে থাকা ৭ জনের একটি ডাকাতদল মহাসড়কের দুসর ব্রিজ এলাকায় বাসটিকে থামিয়ে ক্ষুর ও ছুরি জাতীয় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসের ড্রাইভার ও যাত্রীদের জিম্মি করে। এরপর বাস যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে প্রত্যেক যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। তারা বাসটির ডি ১,৩, ৪এবং ই ১,২,৩,৪ সিরিয়ালের আসনের যাত্রী ছিলেন।
তিনি আরো বলেন, রাস্তায় হট্টগোল শুনে আমরা সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ঘটনা সম্পর্কে জানতে পারি। এসময় আমরা বাসে থাকা সকল যাত্রীদের মোবাইল নাম্বার ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি। বাসটিতে মোট ২১জন টিকিটধারী যাত্রী ছিলো। এদের মধ্যে ৬জন যাত্রী ফরিদপুরে নেমে যান। পরে ১৫ জন যাত্রী নিয়ে বাসটি ফরিদপুর থেকে ছেড়ে আসার পর বাসটিতে ডাকাতি হয়।আমরা ডাকাতির সাথে যুক্তদের মোবাইল নাম্বারে কল করলে নাম্বারগুলি বন্ধ পাই।
ডাকাতির ঘটনায় কোন আইনগত পদক্ষেপ গ্রহন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডাকাতির ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।মামলাটি হলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেবো।

