কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাউনিয়া ও পীরগাছা উপজেলার মোট ১৬৩টি কেন্দ্রের ফলাফলে আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।
প্রাপ্ত ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩১ ভোট। তবে পোস্টাল ব্যালটের ফলাফল এখনো পাওয়া যায়নি।
ফলাফল ঘোষণার পর স্মরণীয় এ বিজয়ে আখতার হোসেনের ভোটার, সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ফলাফল নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

