কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে নোয়াখালীর হাতিয়া উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশন–এর সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
জানা যায়, সংবাদ সংগ্রহের কাজে মিরাজ উদ্দিন হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় গেলে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে থাকা বাইকচালক সাকিবও আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদ’-এর অনুসারী। অভিযোগ রয়েছে, আজাদ ও তার দলবল বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর প্রার্থী মাহবুবুর রহমান শামীমের মাধ্যমে পুনর্বাসিত হয়ে এলাকায় বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলার মাধ্যমে জনগণের জানার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে।
তারা আরও বলেন, এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ জরুরি এবং নতুন সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

