দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামে রাতের আঁধারে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগকারী মৃত সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে হীরালাল রায় হিরু জানান, বোয়ালমারি মৌজায় তাদের ৭ শতাংশ জমি রয়েছে, যা তারা বাপ-দাদার আমল থেকে ভোগদখল করে আসছেন। সম্প্রতি রাতের অন্ধকারে বিকাশ চন্দ্র রায়, লক্ষণ চন্দ্র রায়, প্রদীপ চন্দ্র রায় ও কৃষ্ণ চন্দ্র রায় ওই জমি দখল করে সেখানে কলাগাছ রোপণ করেন।
হীরালাল রায় দাবি করেন, “জমির মাঠ পর্চা ও প্রয়োজনীয় কাগজপত্র সবই আমাদের কাছে আছে। আমরা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছি। প্রশাসনের কাছে জোর দাবি জানাই, আমার জমি আমাকে ফিরিয়ে দেওয়া হোক।”
স্থানীয় বাসিন্দা মনি কুমার রায় বলেন, হীরালাল রায় দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি বিকাশ ও তার লোকজন সেখানে কলাগাছ রোপণ করেছেন।
জমির আশপাশের কয়েকজন এলাকাবাসী জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ ও মামলা চলছে। তবে মামলার রায় কার পক্ষে হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
অন্যদিকে অভিযুক্ত বিকাশ রায় দাবি করেন, জমির প্রকৃত মালিক তারা এবং রেকর্ড অনুযায়ী মালিকানাও তাদের। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের জমি তারা জোরপূর্বক ভোগদখল করে আসছিল। তখন আমরা ছোট ছিলাম, তাই জমিতে যেতে পারিনি। এখন আমরা আমাদের জমি বুঝে নিয়েছি এবং সেখানে কলাগাছ লাগানো হয়েছে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও বিরোধকে কেন্দ্র করে যে কোনো সময় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

