নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চারটি পাওয়ার টিলার এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মান্দা থানার বিভিন্ন এলাকায় একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে চুরির সন্দেহে মান্দা উপজেলার দাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৫) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মহাদেবপুর উপজেলার শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মিলন হোসেনের (৫০) হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক দুজন আন্তঃজেলা চোরচক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরও কয়েকটি চুরির তথ্য দেয়। তাদের দেখানো স্থান থেকে পরবর্তীতে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই পাওয়ার টিলার পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।
ট্রাক্টর হারানোর ঘটনায় করা মামলার দুই বাদী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। উদ্ধার হওয়া কৃষিযন্ত্র ফিরে পেয়ে তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
কৃষিনির্ভর মান্দা এলাকায় চারটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোরচক্রের দুই সদস্য আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জেলা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।
জেলা পুলিশ সুপার বলেন, জেলায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ।

