সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিকারপুর-নিমতলা মৌজায় কৃষিজমি ভরাট করে অবৈধভাবে নির্মাণকাজ শুরু করায় ইউরোপা রয়েল সিটি নামক একটি হাউজিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দেখা যায়, ফসলি জমিতে বালু ভরাট করে ভবন নির্মাণের কাজ চলছিল, যা বিদ্যমান আইনের পরিপন্থী।
অভিযান চলাকালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে জরিমানা বা শাস্তি প্রদান করা সম্ভব হয়নি। তবে প্রশাসন নির্মাণকাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেয় এবং কার্যক্রম স্থগিত করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ দখল, ভরাট ও নির্মাণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

