নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নগরীর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, হাম-রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ, যা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, “প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পারলে একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়া সম্ভব।”
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে এবং প্রতিটি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
একই দিনে শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেও পৃথকভাবে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান। এছাড়াও জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিনসহ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম-রুবেলা ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। গর্ভবতী নারীদের জন্য এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ প্রাথমিক গর্ভাবস্থায় সংক্রমণ হলে জটিলতা এমনকি গর্ভপাতের ঝুঁকিও তৈরি হতে পারে।
২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসব্যাপী এই ক্যাম্পেইন চলবে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ করে টিকা দেওয়া হবে।
এ কার্যক্রমে ৫টি স্থায়ী কেন্দ্র, ১২৪টি অস্থায়ী কেন্দ্র এবং ৫টি মপ-আপ টিম কাজ করছে। পাশাপাশি কর্মজীবী মায়েদের সুবিধার্থে সান্ধ্যকালীন টিকাদানের ব্যবস্থাও রাখা হয়েছে।
মোট লক্ষ্যমাত্রা অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৭৬ হাজার ১৩১ জন শিশুকে টিকা দেওয়া হবে। পাশাপাশি কোনাবাড়ি, কাশিমপুর ও কাউলতিয়া এলাকায় আরও ৮১ হাজার ৭৭১ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছে—নির্ধারিত কেন্দ্রগুলোতে সময়মতো শিশুদের টিকা নিশ্চিত করে হাম-রুবেলা মুক্ত গাজীপুর গঠনে সহযোগিতা করার জন্য।

