ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণকাজ চলাকালে খোলা ম্যানহোলে পড়ে মাসুম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মাসুম পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।
সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার মাছবাজার সংলগ্ন একটি বহুতল ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবন নির্মাণকাজের সময় অসাবধানতাবশত পাশের খোলা ম্যানহোলে পড়ে যান মাসুম। এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ম্যানহোল থেকে শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

