জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বসুন্ধরা শুভসংঘ, জাবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন এবং বিষয়ভিত্তিক মতবিনিময় করেন।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না পায়। কোনো তথ্য শেয়ার করার আগে তার উৎস যাচাই করা জরুরি, যাতে গুজব ছড়িয়ে না পড়ে।
একই সঙ্গে অচেনা বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা, যাতে ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যাওয়ার ঝুঁকি এড়ানো যায়।
বক্তারা আরও বলেন, যদি কেউ এ ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে এ বিষয়ে দেশে বিদ্যমান আইনি ব্যবস্থা অনুসরণ করা উচিত। পাশাপাশি সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ারও পরামর্শ দেন তারা, যাতে দ্রুত ও কার্যকরভাবে সমস্যার সমাধান করা সম্ভব হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, বসুন্ধরা শুভসংঘ জাবিপ্রবির প্রধান উপদেষ্টা ও ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, জামালপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও জাবিপ্রবির উপদেষ্টা মো. জসিম উদ্দিন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রাকিব হাসান নয়ন, রোবটিক্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মিনহাজ, সবুজ স্বপ্নের সভাপতি আরমান আলিফ, গ্রীণ ভয়েসের সভাপতি তৌসিফ আহমেদ, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব খান ও বিতার্তিক মানতাসা নুসরাত প্রকৃতি প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ, জাবিপ্রবির সভাপতি হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আহমেদ আকাশ।
আলোচনা সভায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিষয়ভিত্তিক নানা মতামত উঠে আসে, যা ভবিষ্যতে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

