সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহেনা পারভীন, সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সাংবাদিক শরিফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহেনা পারভীন জানান, শুক্রবার ব্যতীত প্রতিদিন উপজেলার ২৪০টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের আগামী তিন সপ্তাহ ধরে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ইউনিয়নভিত্তিক টিকাদানের তারিখ ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এলাকায় জানিয়ে দেওয়া হবে।
তিনি সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

