রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর ফরহাদ (১৭)-এর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার সদর এলাকার উত্তরপাড়া বেইলি ব্রিজ সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে চিত্রা নদীতে গোসল করতে নামে ফরহাদ।
এ সময় নদীর পাড়ে থাকা একটি গাছ থেকে লাফ দেওয়ার চেষ্টা করলে গাছের ডালে আঘাত পেয়ে সে পানিতে পড়ে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ সময় অনুসন্ধানের পর রোববার সকালে কচি মোল্লার বাড়ির সামনে নদীতে তল্লাশি চালানোর সময় ফরহাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ তেরখাদা ঈদগা সংলগ্ন ইনু শেখের নাতি। পারিবারিকভাবে জানা গেছে, তার বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় সে দীর্ঘদিন ধরে নানাবাড়িতেই বসবাস করছিল।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোসল করতে গিয়ে গাছ থেকে লাফ দেওয়ার সময় সে পানিতে পড়ে নিখোঁজ হয়।
পরে একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

