এন এম নুরুল ইসলাম বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রতিনিধি মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আল মামুনকে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব। মানববন্ধনের সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ।
এতে উপজেলা পর্যায়ের সকল সাংবাদিকসহ বিভিন্ন পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়াও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনএম নুরুল ইসলাম, সাবেক সভাপতি রাজিউর রহমান জিহাদ, সাবেক সভাপতি জুলফিকার আলি শাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং নির্বাহী সদস্য জিয়াউর রহমানসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ফোনকলের মাধ্যমে সাংবাদিক আল মামুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়। তারা আরও বলেন, সাংবাদিক আল মামুনকে হুমকি দেওয়ার ঘটনায় জুয়েল রানাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে এবং বিএনপির সকল অঙ্গসংগঠনের কাছে তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কারের দাবি জানান।
এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

