একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
আট বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সুনামগঞ্জ। এ ঘটনার দ্রুত বিচার এবং দেশজুড়ে নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা শাখা।
সোমবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, “শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই, শিশুর জীবনের নিরাপত্তা চাই”।
বক্তারা বলেন, আট বছরের একটি নিরীহ শিশুকে পৈশাচিক কায়দায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। এমন জঘন্য ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে না পারলে সমাজে নারী ও শিশুরা কোনোভাবেই নিরাপদ নয়। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি জুনেদ আহমেদ। সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সি এম মিলন, সহ-সভাপতি জ্যোতির্ময় দাস চপল, আশরাফ হোসেন লিটন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ-সভাপতি রিংকু চৌধুরী, অ্যাডভোকেট মো. আজমল হোসেন, মো. মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মহিলা বিষয়ক সম্পাদক হালুফা আক্তার হেপি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জুশেদা আক্তারসহ অনেকে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ধরনের ঘটনায় সরকার ও প্রশাসনের আরও সতর্ক ও কার্যকর ভূমিকা আশা করেছেন স্থানীয় মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজ।

