নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মকলেছুর রহমান (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরলক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বাধীন হোসেন (২২) ও তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক।
আটক স্বাধীন হোসেন ঈশ্বরলক্ষিপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তার সহযোগী সেলিম পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। আহত মকলেছুর রহমান একই গ্রামের মৃত কাজিম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্বাধীন হোসেন এক মাদ্রাসাছাত্রীর ছোট ভাইকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে ওই ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে স্বাধীন হোসেন ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীর চাচা মকলেছুর রহমানের পেটে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর স্থানীয়রা স্বাধীন হোসেন ও তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তবে এ সময় তাদের আরেক সহযোগী সাগর (২২) পালিয়ে যায়।
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

