ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের সাধারণ, মেহনতি ও অসহায় মানুষের পাশে রয়েছেন। পবিত্র ঈদুল আজহার আনন্দ থেকে যেন কোনো পরিবার বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত, যাতে সবার ঘরে ঈদের আনন্দ পৌঁছে যায়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও উৎসবে প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটেছে। স্থানীয়রা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

