রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশের ন্যায় খুলনায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। ঈদকে ঘিরে সকাল থেকেই নগরীজুড়ে ছিল আনন্দ আর উৎসবের আমেজ।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবিতে ‘ঈদ মোবারক’ লেখা ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়।
খুলনার প্রধান ঈদের জামাত সকাল ৭টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মুফতি আব্দুর রাজ্জাক। একই স্থানে সকাল ৮টা ও ৯টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ, নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে নির্ধারিত সময়ে ঈদের জামাতের আয়োজন করা হয়।
খালিশপুর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত সম্পন্ন হয়।
ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদন ও প্রতিবন্ধী কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করে।
এছাড়া জেলার উপজেলা পর্যায়েও নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে।

