তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ ধান ও বিচুলি পুড়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বারুইহাটি মৎস্য খামার এলাকায় শেখ আশরাফ আলীর গোডাউনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশপাশে কয়েকজন শিশু বাজি নিয়ে খেলছিল। ধারণা করা হচ্ছে, একটি জ্বলন্ত বাজি গোডাউনের ভেতরে গিয়ে পড়ার পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
স্বজনরা জানান, গোডাউনটিতে ৮ থেকে ৯ বিঘা জমির ধান ও বিপুল পরিমাণ বিচুলি মজুত রাখা ছিল। মাঠ থেকে কেটে আনা ধান ঝাড়াই না করেই সেখানে সংরক্ষণ করা হয়েছিল।
তালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

