ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান আশিকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পায়রা চত্বরে জেলা এনসিপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা গ্রেপ্তার হওয়া দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বলেন, এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ এনসিপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে অয়ন রহমান খান ও মেহেদী হাসান আশিককে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২২ মে ঝিনাইদহ সফরকালে এনসিপির নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ওই ঘটনার জেরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির পাল্টা মামলা করেন। সেই মামলায় পুলিশ জাতীয় ছাত্রশক্তির নেতা অয়ন রহমান খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আশিকুর রহমানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

