দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) গভীর রাতে তিনি মারা যান।
মৃত সুফিয়া খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া এলাকার ওমর আলীর মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মে জ্বর, সর্দি-কাশি এবং শরীরে র্যাশের উপসর্গ নিয়ে সুফিয়া খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত চার মাসে কুষ্টিয়ায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ১২ জন শিশু এবং একজন বৃদ্ধা রয়েছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন বলেন, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৪ জন হাসপাতাল ত্যাগ করেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

