খুলনা প্রতিনিধি
সৌদি প্রবাসী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত খান সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
রোববার (৩১ মে) তেরখাদা উপজেলার দক্ষিণপাড়া এলাকায় চিত্রা মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন তার নিজ বাসভবনে গিয়ে তিনি খান সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মজীবন অতিবাহিত করলেও খান সিরাজুল ইসলাম নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সম্প্রতি তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও সহানুভূতির সৃষ্টি হয়।
সাক্ষাৎকালে এমপি আজিজুল বারী হেলাল খান সিরাজুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এমপির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অসুস্থ খান সিরাজুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

