Nabadhara
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ৩৮ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
মে ৩১, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলায় ৩৮ লাখ টাকার একটি খাল পুনঃখনন ও সংস্কার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ঢেকড়া এলাকায় ‘ঢেকড়া শফিরের জমি থেকে খোর্দ্দভবন ব্রিজ পর্যন্ত’ ১ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের খাল সংস্কার কাজের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা।

উদ্বোধন শেষে বারাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “খাল, নদী ও জলাশয় রক্ষা করা শুধু পরিবেশের জন্য নয়, কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পলি জমে খালের নাব্যতা কমে যাওয়ায় কৃষকরা সেচ ও পানি নিষ্কাশনে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে ফসলি জমিতে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, খালটি সংস্কারের ফলে আশপাশের কয়েক হাজার বিঘা কৃষিজমির পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় কৃষক রউফ বলেন, দীর্ঘদিন খালটি ভরাট থাকায় বর্ষা মৌসুমে ফসলি জমি পানিতে তলিয়ে যেত এবং প্রতিবছর লোকসান গুনতে হতো। খাল খননের ফলে কৃষকরা উপকৃত হবেন এবং উৎপাদন বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-এমরান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।