শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নে আয়োজিত ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় বড়বাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও স্বাগতিক ৮ নম্বর ওয়ার্ড দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ৭ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে ৮ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম শেখের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মো. সেলিম শেখ। এ সময় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ৮ নম্বর ওয়ার্ড দলের খেলোয়াড় ইজাজ নির্বাচিত হন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দবির খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লাবলু শেখ, দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন, বিএনপি নেতা মো. হিরণ কাজী, ডা. মিজানুর রহমান, ডা. ইকবাল হোসেন, মো. শেখ সাদি, মো. মিরাজ শেখ, মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন আরিফুজ্জামান প্লাবন।
এ সময় মো. সেলিম শেখ বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা ও ত্যাগের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

