Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পর লাউয়ের বাজারে ধস, লোকসানে রাজশাহীর চাষিরা

Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

ঈদুল আজহার পর রাজশাহীতে লাউয়ের বাজারে বড় ধরনের ধস নেমেছে। জেলার বিভিন্ন কাঁচা-পাকা সড়কের মোড় ও হাটবাজারে প্রতি পিস লাউ মাত্র ৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সেই লাউই দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে ৬৫ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা লাভবান হলেও উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।

চাষিরা জানান, ঈদের আগে প্রতি পিস লাউ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও ঈদের দুই-তিন দিনের ব্যবধানে দাম নেমে এসেছে ৫ টাকায়। বর্তমান দামে লাউ বিক্রি করলে উৎপাদন খরচও ওঠানো সম্ভব নয়।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় রেকর্ড পরিমাণ লাউ উৎপাদন হয়েছে। এবার ৬৬৬ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে, যা গত বছর ছিল ৫২১ হেক্টর। দুর্গাপুর, বাঘা, গোদাগাড়ী, পবা ও পুঠিয়া উপজেলায় সবচেয়ে বেশি লাউ উৎপাদিত হয়েছে।

সরেজমিনে দুর্গাপুর, পুঠিয়া ও বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠজুড়ে মাচায় মাচায় ঝুলছে লাউ। কৃষকরা রাস্তার মোড় ও জমি থেকেই সরাসরি বিক্রি করছেন। পাইকাররা এসব লাউ কিনে ট্রাকে করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন।

দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের ইমরান আলী জানান, ঈদের পর গ্রামের বাড়ি থেকে নরসিংদীতে এসে দেখেন, রাজশাহীতে ৫ টাকায় বিক্রি হওয়া লাউ সেখানে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, “গ্রাম থেকে শহরে সবজির দামের বিশাল ব্যবধান কৃষকদের বঞ্চিত করছে।”

উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা কামরুল হাসান, যিনি বর্তমানে ঢাকার মহাখালীতে থাকেন, বলেন, “আমাদের এলাকায় যে লাউ ৫ টাকায় বিক্রি হচ্ছে, ঢাকায় সেই লাউ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না।”

রোববার সকালে দুর্গাপুর সদর মোড়ে লাউ কিনতে আসা ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, “ঈদের সময় পরিবহন সংকট এবং চালক-হেলপারদের ছুটির কারণে সরবরাহ ব্যয় বেড়েছে। ফলে এখানে দাম কম হলেও পরিবহন খরচ বেশি হওয়ায় লাভ খুব বেশি থাকে না।”

লাউচাষি আনোয়ারুল ইসলাম জানান, ১৫ কাঠা জমিতে চাষ করা লাউয়ের প্রথম দিকে প্রতি পিস ৩২ টাকায় বিক্রি করলেও ঈদের পর দাম হঠাৎ কমে গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, “অনেক সময় গ্রাম ও শহরের বাজারে সবজির দামে বড় ধরনের ব্যবধান দেখা যায়, যার পেছনে বাজার সিন্ডিকেটের প্রভাব থাকতে পারে। আমরা বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করি।”

তিনি আরও বলেন, “এবার জেলায় রেকর্ড পরিমাণ লাউ উৎপাদন হয়েছে। কৃষকরা সরাসরি রাস্তার মোড় বা সড়কের পাশে পাইকারদের কাছে লাউ বিক্রি করছেন, পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। তবে কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সে বিষয়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।