মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীদের জন্য নতুন এক বিশ্রাম ও সেবাকেন্দ্র হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে উদ্বোধন করা হয়েছে প্রকৃতিনির্ভর হাইওয়ে সার্ভিস কমপ্লেক্স ‘ন্যাচার লাউঞ্জ’।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে শাহ শের আলী গ্রুপের উদ্যোগে নির্মিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার। প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব, ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ভেজালবিরোধী অভিযানের পথিকৃৎ মো. রোকন-উদ-দৌলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও ‘ভ্রমণ’ সাময়িকীর সম্পাদক আবু সুফিয়ান, কবি ও ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ কামরুজ্জামান তরুণ এবং অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিদ কাজী হাসান।
প্রধান অতিথি মো. রোকন-উদ-দৌলা বলেন, দেশের মহাসড়কগুলোতে নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত সেবাকেন্দ্র গড়ে তোলা সময়ের দাবি। ন্যাচার লাউঞ্জ সেই প্রয়োজন পূরণে একটি প্রশংসনীয় উদ্যোগ। সততা, সেবার মান ও গ্রাহকের আস্থা ধরে রাখতে পারলে এটি দেশের অন্যতম নির্ভরযোগ্য হাইওয়ে সার্ভিস কমপ্লেক্সে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার বলেন, ন্যাচার লাউঞ্জের লক্ষ্য শুধু খাবার পরিবেশন নয়, বরং ভ্রমণকারীদের জন্য একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও পরিবারবান্ধব পরিবেশ নিশ্চিত করা। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতি, স্বাস্থ্যসম্মত খাবার এবং আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে ন্যাচার লাউঞ্জ দেশের মহাসড়কভিত্তিক সেবায় নতুন মাত্রা যোগ করবে।
প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গাছপালা, ২১টি অ্যাকোয়ারিয়াম, শিশুদের জন্য কিডস জোন, জিম কর্নার, ম্যাসাজ জোন, নামাজের ব্যবস্থা এবং দেশি-বিদেশি খাবারের আয়োজন রয়েছে। একই কমপ্লেক্সে শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, এলপিজি (অটোগ্যাস), অকটেন ও ডিজেল সরবরাহের সুবিধা, অনন্যা মার্ট, আধুনিক জামে মসজিদ এবং বিভিন্ন প্রয়োজনীয় সেবাও রয়েছে।
এ ছাড়া বিয়ে, জন্মদিন, করপোরেট সভা, সেমিনার ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক হলরুম এবং প্রশস্ত পার্কিং সুবিধা রাখা হয়েছে।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই ন্যাচার লাউঞ্জ দেশের অন্যতম জনপ্রিয় প্রকৃতিনির্ভর হাইওয়ে ফ্যামিলি ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

