ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা খাতুন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর ছোট ভাই রবিউল ও রবিউলের স্ত্রী মিলি খাতুনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে রবিউল ও তাঁর স্ত্রী মিলি খাতুন কাঠের বাটাম দিয়ে মুজিবুলকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই মুজিবুলের মৃত্যু হয়। এ সময় তাঁর স্ত্রী নাজমা খাতুনও আহত হন।
ঘটনার পর রবিউল পালিয়ে যান বলে জানা গেছে। অন্যদিকে, গ্রামবাসী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলি খাতুনকে আটক করেছে। বড় ভাইকে হত্যার অভিযোগে রবিউলকে আটকের চেষ্টা চলছে।

