মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর থানা থেকে হাসিনা বেগম নামে এক নারী আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। একই সঙ্গে বিষয়টি গোপন রাখার চেষ্টার অভিযোগও উঠেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার ইটেরপুল পুলিশ ফাঁড়ির এসআই মোকসেদ একটি মামলায় হাসিনা বেগমকে গ্রেপ্তার করে মাদারীপুর সদর থানায় নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, রাত প্রায় ১টার দিকে তিনি থানা হেফাজত থেকে পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, নারী আসামির পালিয়ে যাওয়ার ঘটনার পর শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর থানা পরিদর্শন করে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। তবে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগ রয়েছে, ঘটনাটি জনসম্মুখে না আসার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ এবং মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। পাঠানো খুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) মো. মহসিন বলেন, “ঘটনার বিষয়টি শুনেছি। তবে আমি বর্তমানে অফিসের বাইরে রয়েছি।”

