Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক রাতের ভারী বৃষ্টিতে তলিয়ে গেল যশোরের তিন ইউনিয়নের সবজিক্ষেত, বিপাকে কৃষক

যশোর প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

এক রাতের টানা ভারী বৃষ্টিতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার সবজিক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে বাঁধাকপি ও ফুলকপির চারাসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ধানের বীজতলাও জলাবদ্ধ হয়ে পড়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব এলাকায় পটল, পুঁইশাক, বরবটি, উচ্ছে, ঢেঁড়স, বেগুন, কচুরমুখী ও কচুর লতিসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে অধিকাংশ নিচু জমির সবজিক্ষেত পানির নিচে চলে যায়। কৃষকদের আশঙ্কা, আরও দুই-এক দিন বৃষ্টি অব্যাহত থাকলে উঁচু জমির ফসলও জলাবদ্ধতার কবলে পড়বে।

চুড়ামনকাটির দোগাছিয়া গ্রামের কৃষক মিলন আক্তার জানান, বৃষ্টির পানিতে তাঁর এক বিঘা পটল ক্ষেত ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকলে গাছ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বরবটি চাষি দেলোয়ার গাজী বলেন, অতিবৃষ্টির কারণে গাছের ফুল ঝরে যাচ্ছে। এতে ফলন কমে যাওয়ার পাশাপাশি গাছ নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

আব্দুলপুর গ্রামের চারা উৎপাদনকারী কৃষক মামুন হোসেন জানান, টানা বৃষ্টিতে বাঁধাকপি ও ফুলকপির চারা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে নতুন করে বপন করা অনেক বীজ নষ্ট হয়ে গেছে।

কাশিমপুর গ্রামের কৃষক রেজাউল ইসলাম বলেন, মাঠের পর মাঠ পানিতে তলিয়ে গেছে। ধানের বীজতলাও সম্পূর্ণ পানির নিচে থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

এ বিষয়ে জানতে চুড়ামনকাটি উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরুণ বিশ্বাসের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কৃষিবিদ ইউসুফ আলী বলেন, দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকলে সবজি গাছের গোড়া নরম হয়ে যায়। পরে রোদ উঠলে দ্রুত পচন ধরে গাছ মারা যেতে পারে। তিনি বলেন, আষাঢ়ের এ অতিবৃষ্টিতে সবজি চাষিদের উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।:::writing

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।