স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক রবিউল ইসলাম (৩৫)-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নড়াইল সদর আমলী আদালতে তোলা হলে বিচারক মারুফ হাসান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর শেখের মেয়ে জান্নাতুল মাওয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে রবিউল ইসলাম। পরে শিশুটির মরদেহ তার ঘরের ভিতর কাঁথা দিয়ে ঢেকে রাখে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় জনতা রবিউল ইসলামকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ পাহারায় তাকে আদালতে তোলা হয়।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শিশুটির পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

