চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয়নি। জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার। যদি আগের মতো লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতে থাকে, তাহলে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য কোথায়?’
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এ দেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ তাদের চিরতরে বয়কট করেছে।’
পথসভায় তিনি চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এনসিপি মনোনীত প্রার্থী ইশতিয়াক হোসেন জামিকে পরিচয় করিয়ে দিয়ে তাঁর জন্য ভোট চান।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকামিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান এবং জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা মিতু।
অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, কেন্দ্রীয় নারীশক্তির নেত্রী আজবীন আরবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপির সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেল, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এনসিপি মনোনীত প্রার্থী ইশতিয়াক হোসেন জামি, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের পিতা শহিদুল মল্লিকসহ এনসিপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভা শেষে হাসনাত আব্দুল্লাহ এমপির নেতৃত্বে একটি জুলাই পদযাত্রা চিতলমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

