ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মঞ্চে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনায় উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও ঘোষিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুজা উদ্দিন সজিবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
গত ১০ জুলাই সোনাগাজীতে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে স্থানীয় কয়েকজন নেতা মঞ্চে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় নেতাদের অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই বিশৃঙ্খলার ঘটনায় আকবর হোসেনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে গত ১৯ জুলাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আকবর হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
একই ঘটনায় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিবকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “আমি ওই কর্মসূচির মূল আয়োজক ছিলাম। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সম্ভবত শৃঙ্খলা যথাযথভাবে বজায় রাখতে না পারার কারণেই কেন্দ্র থেকে আমাকে শোকজ করা হয়েছে।”
অভিযোগ অস্বীকার করে আকবর হোসেন বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। যারা প্রকৃতপক্ষে বিশৃঙ্খলা করেছে তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আমি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই।”

