নোয়াখালী প্রতিনিধি
দৈনিক খবর পত্রের নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হান্নান শাকুরের পিতা বিশিষ্ট আলেমেদ্বীন ও মাইজদী বাজার বালিকা বিদ্যানিকেতন স্কুলের সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা শফিক উল্যাহর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নোয়াখালী সদর উপজেলার ৪ নম্বর কাদির হানিফ ইউনিয়নের সিরাজ উদ্দিনপুর জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
জানাজায় সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত অনেকে মরহুমের কর্মময় জীবন এবং ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
আলহাজ্ব মাওলানা শফিক উল্যাহ দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি মাইজদী বাজার বালিকা বিদ্যানিকেতন স্কুলে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ধর্মীয় জ্ঞানচর্চা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
তিনি শুক্রবার ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক মহল, শিক্ষাঙ্গন এবং সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন, নোয়াখালী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
জানাজা ও দাফনকে কেন্দ্র করে সিরাজ উদ্দিনপুর এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। দাফন শেষে মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

