Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে ৪০ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি খাল দখলমুক্ত

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় সরকারি খালের ওপর গড়ে ওঠা প্রায় ৪০ বছরের পুরোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানের মাধ্যমে দীর্ঘদিন দখলে থাকা খালটি পুনরুদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার উপজেলার মধুখালী পৌরসভার পেঁয়াজ বাজারসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক থেকে চন্দনা নদী পর্যন্ত বিস্তৃত সরকারি খালের ওপর নির্মিত একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, প্রায় চার দশক ধরে পেঁয়াজ বাজার এলাকায় সরকারি খালের মুখ দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এতে মহাসড়কের নিচের কালভার্টের মুখ বন্ধ হয়ে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। ফলে প্রতি বর্ষায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছাত, বিশেষ করে হাটের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমি ও জলাশয় দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান হয়েছে। খালটি উন্মুক্ত হওয়ায় পানি নিষ্কাশন স্বাভাবিক হবে এবং পেঁয়াজ বাজার এলাকায় জলাবদ্ধতা অনেকাংশে দূর হবে।”

স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে জানান, সরকারি খাল পুনরুদ্ধারের ফলে বর্ষা মৌসুমে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ থেকে তারা স্বস্তি পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।