স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের নির্মাণশ্রমিক আলিনুর ফকির (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রাজিব শেখ (৪০)কে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ নিয়ে এ মামলায় দুই আসামি গ্রেপ্তার হলেন।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বুধবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার রাজিব শেখ লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র্যাব-৬-এর সিপিসি-৩ যশোর ক্যাম্প ও সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ দল সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রাজিব শেখকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার (২০ জুলাই) গভীর রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে একই মামলার এজাহারভুক্ত আসামি রহমান শেখকে গ্রেপ্তার করে র্যাব-৬।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাত ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে আলিনুর ফকিরকে লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেওয়া হয়। সেখানে রাজিব শেখ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ এবং আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ: ২০ জুলাই ২০২৬)।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, র্যাবের হাতে গ্রেপ্তার রাজিব শেখকে থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

