মো. ইব্রাহিম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে ইজিবাইকচালক মো. নবীরুল ইসলাম (৪০) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২২ জুলাই) দুর্গাপুর বড় বটগাছ সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গ্রামের নারী-পুরুষ, শিক্ষার্থী, যুবক, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
কর্মসূচিতে সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল নিহত নবীরুল ইসলামের ছোট ছেলের উপস্থিতি। বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবিতে সে মহাসড়কে অবস্থান নেয়। তার কান্না ও বিচার চাওয়ার আকুতি উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে নবীরুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষীপুর এলাকার অরক্ষিত রেলগেট সংলগ্ন সড়কে যাত্রীবেশী দুর্বৃত্তরা ইজিবাইকচালক নবীরুল ইসলামের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে অটো থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় নবীরুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের চাচা মো. নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। পরবর্তীতে যৌথ অভিযানে ছিনতাইকৃত ইজিবাইকসহ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তের ধারাবাহিকতায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

