পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাঈমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাঈমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫৩) পঞ্চগড় জেলায় অবস্থান করছেন। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে বিশেষ অভিযানিক দল গঠন করা হয়।
অভিযানিক দল ও কুইক রেসপন্স টিম পঞ্চগড়ের সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে সদর থানার কাজীপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান মুক্তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মো. আবু সায়েম জানান, গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় দায়ের করা মামলা নম্বর-১২ তদন্তাধীন রয়েছে।

