নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জোবায়ের রহমান (২৪) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার আখেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত জোবায়ের রহমান নওগাঁর সীমান্তঘেঁষা সাপাহার উপজেলার উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিতে গ্রামের বাড়িতে ফিরছিলেন সেনা সদস্য জোবায়ের। পথে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জোবায়ের রহমান ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

