হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বাসের চাকায় চাপা পড়ে শ্যামল তিগ্যা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নজিপুর-ধামইরহাট সড়কের পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির দপ্তরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল তিগ্যা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা গ্রামের বিরশা তিগ্যার ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শ্যামল তিগ্যা মোটরসাইকেলযোগে নজিপুর-ধামইরহাট সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেলসহ বাসের সামনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

