নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রেহান বেপারীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার জামালপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. রেহান বেপারীকে জামালপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এসআই মো. মাসুদ রানা শামিম জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় কালীগঞ্জ থানার মামলা নম্বর ৩০(৯)১৫-এর রায়ে রেহান বেপারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সাজা হওয়ার পর রেহান বেপারী আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

