পঞ্চগড় প্রতিনিধি
উত্তরাঞ্চলে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি তেঁতুলিয়া উপজেলার সীমান্তঘেঁষা মহানন্দা নদী ও ঐতিহাসিক ডাকবাংলো এলাকা পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন। পরে তিনি বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে সীমান্ত এলাকা ঘুরে দেখেন এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি সেলফিও তোলেন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন এবং তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

