Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর বিভাগ, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়ের জোরালো দাবি তিন জেলার সমন্বয় সভায়

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি করপোরেশনে উন্নীতকরণ এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে উঠেছে তিন জেলার সমন্বয় সভায়। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।

ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিন জেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সরাসরি উপস্থিত থেকে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সভায় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-৩ আসনের চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম বাবুল, রাজবাড়ী-২ আসনের হারুন অর রশিদ, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান, গোপালগঞ্জ-২ আসনের কে এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বক্তব্য দেন।

এ ছাড়া ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বক্তব্য দেন। গোপালগঞ্জ ও রাজবাড়ীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

সভায় বক্তারা ফরিদপুরকে দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত জনপদ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের সময়ে ফরিদপুরের উন্নয়নের নামে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কোনো বিকল্প নেই।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রীর পারিবারিক রাজনীতি ও ইগোর রাজনীতির কারণে ফরিদপুরকে বঞ্চিত করা হয়েছে।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরে উন্নয়নের নামে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মাদক নির্মূলে কার্যকর কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদক নির্মূল করতে হবে।

সভায় বক্তারা দ্রুত ফরিদপুরকে বিভাগ ঘোষণা, ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন এবং ইকোনমিক জোন গড়ে তোলার দাবি জানান।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “আমাদের একটি বড় সমস্যা হচ্ছে লিডারশিপ নিয়ে ঐক্যবদ্ধতার অভাব। কেন যেন মনে হয়, এই ঐক্যবদ্ধতার অভাবের কারণে আমাদের ডেভেলপমেন্টটা ওই আঙ্গিকে হচ্ছে না।”

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, “ফরিদপুর অনেক পুরনো জেলা। আমরা বৃহত্তর ফরিদপুরের সন্তান। ফরিদপুর আমাদের মা। কিন্তু আজ এ শহরে ঢুকেই আমার মনে হলো, ৫০ বছর আগের একটি শহরে এলাম। এই ফরিদপুরকে আমরা বদলে দেব। বৃহত্তর ফরিদপুরকে মডেল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।