কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন ও সড়ক নেটওয়ার্ক সুবিন্যস্ত করার লক্ষ্যে ‘কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজমের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জিআইএস অ্যানালিস্ট ধরনী চাকমা, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার।
কর্মশালায় গ্রামীণ সড়ক অবকাঠামোর সঠিক ডাটাবেজ তৈরি, সড়কের গুরুত্ব অনুযায়ী তালিকা প্রণয়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, টেকসই গ্রামীণ অর্থনীতির জন্য যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন জরুরি। তৃণমূল পর্যায়ে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে অপচয় রোধের পাশাপাশি প্রকৃত প্রয়োজনীয় সড়কগুলো সংস্কার ও উন্নয়নে অগ্রাধিকার দেওয়া সম্ভব হবে।
কর্মশালায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

