পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় অ্যান্টিবায়োটিক বিক্রিতে বাধ্যবাধকতা, নকল-ভেজাল ও নিম্নমানের অনুমোদনহীন ওষুধ পরিহার এবং মানসম্মত ওষুধ বিক্রির বিষয়ে ড্রাগিস্ট ও কেমিস্টদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সকালে নজিপুরের মুগ্ধ স্কয়ার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিসিডিএস পত্নীতলা উপজেলা শাখার সভাপতি হাসান মুহাম্মদ শাহরিয়ার পল্লবের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সহ-সভাপতি মো. মোরশেদুল আলম।
সভায় প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন বিভাগের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সুকর্ণ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায় ও বিসিডিএস নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি টিপু হায়দার। এ ছাড়া শাহিরণ মেডিকেল স্টোর, নজিপুরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ড. ইসমাইল হায়াত ইসমাইল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সুকর্ণ আহমেদ বলেন, “ওষুধ একটি জীবন রক্ষাকারী পণ্য। তাই সঠিক নিয়মে ওষুধ সংরক্ষণ করতে হবে। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। পাশাপাশি ওষুধের দোকানের সাইনবোর্ডে ড্রাগ লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে।”
বিশেষ অতিথি মিতা রায় বলেন, ঔষধ প্রশাসন কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম-কানুন প্রতিটি কেমিস্টকে মেনে চলতে হবে। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ওষুধ সঠিক পদ্ধতিতে সংরক্ষণ ও বিক্রি করতে হবে। ফার্মেসিতে চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ কোনোভাবেই বিক্রি করা যাবে না। এসব নিয়ম অমান্য করলে আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে বলেও তিনি কেমিস্টদের অবহিত করেন।
সভায় ওষুধ সংরক্ষণ, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ, অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ এবং আইন মেনে ব্যবসা পরিচালনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিসিডিএসের সহ-সভাপতি ফজলুর রহমান, সি. সহ-সভাপতি হেলালসহ পত্নীতলা উপজেলার অধিকাংশ কেমিস্ট ও ড্রাগিস্ট উপস্থিত ছিলেন।

