ঝালকাঠি প্রতিনিধি
পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ঝালকাঠি গড়ার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে ঝালকাঠি পৌরসভা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এসব কার্যক্রমের উদ্বোধন ও সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ঝালকাঠি পৌরসভা থেকে সরবরাহ করা নাগরিকদের সব ধরনের সনদ শতভাগ অনলাইনে দেওয়ার কার্যক্রম চালু করা হয়েছে। এতে নাগরিকদের সেবা গ্রহণ আরও সহজ ও হয়রানিমুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ ছাড়া পৌর এলাকার ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। প্রতিটি বক্সে স্যাভলন, স্যাভলন ক্রিম, ডিজিটাল থার্মোমিটার, তুলা, গজ, নাপা ট্যাবলেট, এক বক্স খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়েছে।
পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মধ্যে ড্রেস, গামবুট ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।
এ ছাড়া পৌরসভায় ইতোপূর্বে অবসরপ্রাপ্ত ও মৃত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া লামগ্রান্ট ও আনুতোষিক বাবদ ১১ জনকে এককালীন মোট ১ কোটি ১৮ লাখ ৮২ হাজার ২২৫ টাকা প্রদান করা হয়।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকায়না বলেন, “ঝালকাঠি পৌরসভার নাগরিকসেবা সহজীকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনকল্যাণ নিশ্চিত করার মাধ্যমে পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ঝালকাঠি গড়তে পৌরসভা বদ্ধপরিকর।”

